ভাইরাল ভিডিওটি অন্য ঘটনার, জানালো ভোক্তা অধিদফতর

রাজবাড়ীর কাপড় বাজারে পুলিশের সামনে এক নারীকে লাথি ও ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। রবিবার (৩০ আগস্ট) দুপুরে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কেউ কেউ বিষয়টিকে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান’ হিসেবে উল্লেখ করে যে প্রচারণা চালিয়েছেন, তার সঙ্গে অধিদফতরের কোনও সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে সংস্থাটি। রবিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৯ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এবং ৩০ আগস্ট কালুখালী উপজেলার মৃগী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় নিয়মিত অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে বিভিন্ন ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রমের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে আইন অনুযায়ী আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। ২৯ আগস্টের অভিযানকে সদর উপজেলাধীন কাপড়ের বাজারের আস্থা বস্ত্রালয়কেন্দ্রিক একটি ঘটনার ভিডিও আজকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত (ভাইরাল) হয়েছে।

এ প্রসঙ্গে স্পষ্ট করে জানানো যাচ্ছে যে, উক্ত ভিডিওতে দেখানো ঘটনার সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয় কিংবা অধিদফতর কর্তৃক পরিচালিত কোনও অভিযানের সম্পর্ক নেই। এ ছাড়া ভিডিওতে সংশ্লিষ্ট নারী  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে এ বিষয়ে কোনও অভিযোগও দাখিল করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত উক্ত ভিডিওটিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান বলে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং অপপ্রচার মাত্র। এমতাবস্থায়, এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যক্রম ও অভিযান সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য অধিদফতরের অফিসিয়াল ফেসবুক পেজ—জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর: অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হলো বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন নারী উদ্যোক্তা। ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে তাকে মারধর ও হেনস্তা করা হয়েছিল। ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কয়েক হাজার নারী শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে।

ভুক্তভোগী নারী উদ্যোক্তা জানান, সম্প্রতি তার প্রতিষ্ঠানের এক কর্মচারী হিসাবনিকাশ না বুঝিয়ে দিয়ে অন্য দোকানে গিয়ে চাকরি শুরু করেন। এ ঘটনায় তিনি রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়কের কাছে অভিযোগ করেন। এরপর থেকে তার ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। গত ২৩ আগস্ট ওই নারী কর্মচারীসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি রাজবাড়ীর কাপড় বাজারের তৃতীয় তলায় তার প্রতিষ্ঠানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন। গতকাল শনিবার দুপুরে কয়েক শ মানুষ তার দোকানে এসে তাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়। থানায় নেওয়ার সময়ও কয়েকজন যুবক তাকে লাথি মারেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‌‘ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বাজারের কয়েকজন ব্যবসায়ী ও লোকজন ওই নারীকে ঘিরে ধরেছিলেন। মারধরও করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শাসমুল হক বলেন, ‘শনিবার দুপুরে রাজবাড়ী কাপড় বাজারে ঘটনাটি ঘটেছিল। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।’