‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর

ফরিদপুর সদর উপজেলার সিঅ্যান্ডবি ঘাট এলাকায় 'মাদক কারবারি' অভিযোগে মিছিল নিয়ে তিন জনের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর একদল লোক লিও পেট্রোল পাম্প সংলগ্ন মিলনী, লাবু ও বাবুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে একদল লোক সিঅ্যান্ডবি ঘাট বেড়িবাঁধ এলাকার লিও পেট্রোল পাম্পের সামনে জড়ো হতে থাকেন। বেলা আড়াইটার দিকে শতাধিক লোকজন সেখানে একত্রিত হন। একপর্যায়ে তারা পাম্প সংলগ্ন ওই তিন ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করার চেষ্টা করে এবং হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানায়। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই কিছু সময় ধরে বাড়িঘর ভাঙচুর করা হয়।

এরপর সেখানে সমাবেশ করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী রুবেল হাসান দুলাল, ট্রাক ইউনিয়ন সমিতির নেতা নাদিম হোসেন ও দুলাল হোসেন বক্তব্য দেন। পরে  ব্যবসায়ী রুবেল হাসান দুলাল ওই তিন ব্যক্তির পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার আলটিমেটাম দেন। 

রুবেল হাসান দুলাল ও নাদিম হোসেন অভিযোগ করেন, মিলনী, লাবু ও বাবু পরিবারের অন্তত ছয় জন সদস্য দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদকের কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় পরিবহন শ্রমিকদের অনেকে উপার্জনের অর্থ মাদকের পেছনে ব্যয় করছেন। বিভিন্ন সময়ে তাদের মাদক কারবার বন্ধের চেষ্টা করা হলেও কার্যকর ফল পাওয়া যায়নি। এজন্য আজ মিছিল নিয়ে তাদের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়ানোর পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।