তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার

পদ্মা অয়েল ডিপোর কর্মীদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্যসচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হলো। কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার পর সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে সিদ্দিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী বলেন, ‘চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্যসচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আওতাধীন পদ্মা অয়েল ডিপোর কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। একই সঙ্গে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন ও খুন-জখমের হুমকি দেওয়া হয়। এরপর বিভিন্ন সময়েও ফোন করে একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগে গত ২১ সেপ্টেম্বর পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মী রফিকুল রফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।