গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স সোয়েটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে কারখানার ভেতরে আটকে পড়ায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৭০ জন শ্রমিক। তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বিকাল পৌনে ৩টার দিকে আগুন লাগে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানালেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। পরে আগুন ছড়িয়ে পড়লে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়। সবমিলিয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের কর্মীরা সোয়া তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যায় ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
তিনি আরও বলেন, ‘আট তলা ভবনের কারখানায় তিন তলায় আগুন লাগে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া এ পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনও উৎস না থাকা ও কারখানার নিজস্ব অগ্নিনির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে আমাদের।’
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কারখানার ভেতর থেকে এবং ছাদ থেকে ৭০ জনকে উদ্ধার করেছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানও আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে কাজ করছেন। পুরোপুরি আগুন নেভাতে আরও কিছু সময় লাগবে। যেহেতু এখানে কাপড়ের গুদাম ছিল, অনেক কাপড় এখান থেকে সরাতে হয়েছে। আগুন কীভাবে লেগেছে, কারখানায় কোনও ত্রুটি ছিল কি না, তা আগুন নির্বাপনের পর বিস্তারিত খোঁজ নিয়ে জানা যাবে।’