আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষা নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ‘শীতলক্ষ্যা’ নামের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শিমরাইলে অবস্থিত হোটেল শীতলক্ষ্যার চারতলা ভবনে (সাবেক সাজেদা হাসপাতাল) অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোহাম্মদ শামীম হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে অসামাজিক কার্যকলাপের সময়ে দুই জন প্রাপ্ত বয়স্ক নারী, আনুমানিক ১৩ বছর বয়সী এক কিশোরী ও ১৪ জন পুরুষকে আটক করা হয়। পরে আটকদের মধ্যে দুই জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।