ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক

শরীয়তপুরে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি নিয়ে একটি ভাড়া বাসায় যাওয়ার পর বাদশা আকন নামে এক চালককে তিন নারীর সঙ্গে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে থানায় নিয়ে যায়। ওই বাসা থেকে মাদক সেবনের কিছু সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার পাকার মাথা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় যোগ দিতে রোববার শরীয়তপুরে আসেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন আইয়ুবী। তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নামিয়ে দিয়ে সরকারি গাড়ি নিয়ে পাকার মাথা এলাকার একটি ভাড়া বাসায় যান চালক বাদশা আকন।

ওই বাসায় তিন নারী ভাড়া থাকতেন। সেখানে বাদশার নিয়মিত যাতায়াত নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা বাসাটিতে গিয়ে বাদশাসহ তিন নারীকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে চারজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

বাসাটির কেয়ারটেকারের দাবি, বাদশা ওই তিন নারীকে নিজের খালাতো বোন পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিতে সহায়তা করেছিলেন। এরপর থেকে তাকে নিয়মিত ওই বাসায় যাতায়াত করতে দেখা যেতো। স্থানীয়দের অভিযোগ, গত মাসে তিন নারী বাসাটি ভাড়া নেওয়ার পর থেকেই সেখানে বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল। বাদশাকেও বিভিন্ন সময়ে ওই বাসায় যেতে দেখা গেছে।

তবে আটক নারীদের একজন দাবি করেন, বাদশা তার ভাই এবং সেই সম্পর্কেই তিনি বাসায় যাতায়াত করতেন। ওই নারীর অভিযোগ, স্থানীয় কয়েকজন বাসায় ঢুকে তাদের কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা ঘরের মধ্যে মাদক সেবনের সরঞ্জাম রেখে পুলিশকে খবর দেন।

বাদশা আকন অবশ্য ওই নারীদের আত্মীয় হওয়ার দাবি নাকচ করেছেন। তিনি বলেন, তাদের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল। নারীরা দীর্ঘদিন ধরে তাকে একটি বাসা ঠিক করে দেওয়ার অনুরোধ করছিলেন। রবিবার সভার কাজে শরীয়তপুরে আসার সুযোগে ইউএনওকে নামিয়ে দিয়ে তিনি ওই বাসায় যান।

বাদশার ভাষ্য, বাসায় পৌঁছানোর পর কয়েকজন এসে দরজায় কড়া নাড়েন। দরজা খোলার পর তারা সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ করেন। তবে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস শুকুর বলেন, ওই বাসায় তিন নারী ও একজন পুরুষ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এবং সেখানে নিয়মিত মাদক সেবন করা হয় এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মাদক সেবনের কিছু সরঞ্জামসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন আইয়ুবী বলেন, বিষয়টি জানার পর তিনি জেলা প্রশাসককে অবহিত করেছেন। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তার দফতর থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।