বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় অ্যাম্বুলেন্স ও বাস মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামিম রেজা জানান, মাগুরাগামী অ্যাম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা কিং ফিসার নামক লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হন এবং চার জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।