হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে নাসিক প্রশাসক, বিক্ষোভ-হাতাহাতি

নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে অবৈধ হকারদের বাধা ও হামলার চেষ্টার মুখে পড়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তাকে ঘিরে বিক্ষোভ ও স্লোগান দেন হকাররা। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে হকারদের তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২৫ অক্টোবর) রাতে শহরের বঙ্গবন্ধু সড়ক ও শায়েস্তা খান সড়কে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উচ্ছেদকর্মীদের নিয়ে অভিযান চালাতে গেলে একপর্যায়ে হকাররা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা প্রশাসককে ঘিরে ধরেন এবং উচ্ছেদকর্মীদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

জীবন নামের এক হকার অভিযোগ, কোনও নোটিশ ছাড়াই রাতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় তাদের মালামাল নিয়ে যাওয়া হয় এবং সাখাওয়াত হোসেন খানের লোকজন তাদের ওপর হামলা করেন বলে দাবি করেন তিনি। 

সাইফুল ইসলাম নামের আরেক হকারের অভিযোগ, উচ্ছেদ অভিযানের সময় তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং মালামাল নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার না পেলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, নাসিক প্রশাসক উচ্ছেদ অভিযান চালাতে এসেছিলেন। তবে এ বিষয়ে প্রশাসন বা পুলিশকে আগে জানানো হয়নি। অভিযান শেষে হকারদের সঙ্গে তার বাক্‌বিতণ্ডা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে প্রশাসক বাসায় অবস্থান করছেন।

নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে হকাররা তাদের ওপর হামলার চেষ্টা করেন এবং তার সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়ান। এ সময় হকাররা রাস্তায় মালামাল ফেলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করে বাসায় ফিরে যান।