মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। নিহতের নাম লভলাল চক্রবর্তী (৫৭)। ঘটনার পর থেকে তার ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও অর্ণবের মা আভা চক্রবর্তীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লভলাল চক্রবর্তী একই ইউনিয়নের চিনাইল এলাকার ইন্দ্রমোহনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, অর্ণব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকা না পেলে তিনি প্রায়ই বাবাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে এর আগে তাকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা করানো হয়েছিল।

সোমবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান অর্ণব। লভলাল টাকা দিতে রাজি না হলে লাঠি দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ। এতে তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনার পর অর্ণব সেখান থেকে পালিয়ে যান।

স্থানীয়দের ভাষ্য, এর আগেও টাকার জন্য অর্ণব তার বাবা-মাকে মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। তাকে একাধিকবার নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে জানান তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী।

কালিয়াকৈর থানার এসআই মুক্তার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।