টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে বিপ্লব (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দুপুরে শহরের পার্ক বাজার এলাকায় স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

এদিকে গুরুতর আহত শিশুটিকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার গভীর রাতে হাসপাতালে শিশুটিকে দেখতে যান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, প্রতিমন্ত্রী শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এ কারণে সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে শনিবার শিশুটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার যৌনাঙ্গে গুরুতর আঘাত রয়েছে। এ ছাড়া নাক ফেটে গেছে। ঠোঁট, নাক ও মুখে একাধিক সেলাই দিতে হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, পার্ক বাজার এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ির চতুর্থ তলায় চিপসের লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যান বিপ্লব। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। শিশুটি বাধা দিলে বিপ্লব ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন বলে অভিযোগে বলা হয়েছে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।