গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে জমে থাকা ময়লা ও বর্জ্য সড়কে এনে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। এ সময় অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়। একপর্যায়ে শ্রমিকদের কয়েকজনকে মহাসড়কে ক্রিকেট খেলতেও দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এমনকি গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় সাংবাদিকদের দাঁড়াতেও দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনও ধরনের সংঘাত ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।
পরে নাওজোড়ের অবরোধের বিষয়ে এসপি আমজাদ হোসাইন বলেন, গাজীপুরে সড়ক অবরোধের ঘটনা নেই। তবে শ্রমিকেরা মহানগরের নাওজোড় এলাকায় অবরোধের চেষ্টা করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।