পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েক দিনের ধারাবাহিকতায় আজও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। থেমে থেমে চলা এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে সকালে শ্রমিকেরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৮টার পর নরসিংহপুর এলাকার হামীমসহ আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা সড়কে নেমে আসেন।
এ সময় শ্রমিকেরা বিভিন্ন কারখানার সামনে ও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করেন।
সকাল সাড়ে ১১টার দিকেও আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর, ইউনিকসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছিল। পুলিশের টিয়ারশেল নিক্ষেপে সড়ক থেকে সরে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।
এদিকে সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। তবে তাৎক্ষণিকভাবে কতটি কারখানা ছুটি ঘোষণা করেছে, তা জানা যায়নি।