স্বপ্ন ছিল জাপান যাওয়ার, মৃত্যু হলো শীতলক্ষ্যা সেতুতে

জাপানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস রাশিদ নিঝুম (২২)। এ জন্য শিখছিলেন জাপানি ভাষাও। আগামী ফেব্রুয়ারিতে তার জাপান যাওয়ার কথা ছিল। তবে সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন এই তরুণ। এ ঘটনায় তার বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, নিঝুম অনার্সে পড়াশোনা করতেন। উচ্চশিক্ষা ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তার জাপানে যাওয়ার প্রস্তুতি চলছিল। আগামী ফেব্রুয়ারিতে দেশটিতে যাওয়ার কথা থাকায় তিনি জাপানি ভাষা শেখাও শুরু করেছিলেন।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, মদনগঞ্জগামী লেনে দ্রুতগতিতে চলার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই চালক নিঝুমের মৃত্যু হয়। তার বন্ধু ফারহান আহত হন।

এসআই আরও জানান, নিঝুমের মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।