থানার সামনে বিস্ফোরণের পর ভাইরাল ভিডিও, ওসির দাবি চাকা ফেটেছে

কিশোরগঞ্জের ভৈরব থানার প্রধান ফটকের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীর দাবি, চলন্ত মোটরসাইকেল থেকে থানার সামনে মহাসড়কে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এরপর মোটরসাইকেলের আরোহীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তবে থানার ওসি বলছেন, সেখানে কোনও ককটেল বিস্ফোরণ ঘটেনি, ট্রাকের চাকা ফেটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ২১ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর ‘Mohammad Tamim’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘অবৈধ মামলার প্রতিবাদে ভৈরব থানার সামনে ককটেল উপহার দিলেন Royal Riad ভাই। জয় বাংলা!’

ভিডিওতে বিকট শব্দের পর ‘ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিতে শোনা যায়।

প্রত্যক্ষদর্শী পথচারী দ্বীন ইসলাম জানান, তার সামনেই চলন্ত একটি মোটরসাইকেল থেকে থানার প্রধান ফটকের সামনে সড়কে ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ শুনে থানার ভেতর থেকে কয়েকজন পুলিশ সদস্যও বাইরে বেরিয়ে আসেন।

দ্বীন ইসলাম বলেন, হাসপাতালে একজন রোগীকে দেখতে যাওয়ার পথে ঘটনাটি তার চোখে পড়ে। হঠাৎ এমন শব্দে তিনিও আতঙ্কিত হয়ে যান।

তবে ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান। তিনি বলেন, থানার সামনে কোনও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। একটি ট্রাকের চাকা ফেটে এমন শব্দ হয়েছে।