নারায়ণগঞ্জের জালকুড়িতে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির চাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে লিংক রোডের জালকুড়ি কড়ইতলা এলাকায় একটি পণ্যবাহী লরি সড়কের পাশে থামানো অবস্থায় ছিল। এ সময় দুর্বৃত্তরা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে চালক ও তার সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে লরির টায়ারের কিছু অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।