কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হাসমত আলীর (৪৪) পেট থেকে অস্ত্রোপচার করে গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, কয়েকদিন আগে কয়েদির পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পেটের ব্যথার কারণ খুঁজতে পরীক্ষা করে পেটের ভেতর বিভিন্ন ধরনের ধাতব বস্তুর সন্ধান পান চিকিৎসক। পরে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করা হয়।

কয়েদি হাসমত আলী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ছমের ছেলে। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কয়েদি হাসমত আলী গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার পেটে ব্যথার কথা জানান। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ নভেম্বর সেখানে তার পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেন।

তিনি আরও জানান, এই কয়েদির বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় তিনি মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়। পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে সুস্থ আছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।