গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মৌচাকের আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আশপাশে থাকা অন্য কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগদান করেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এদিকে নগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টেসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন। এ ছাড়া কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।