বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পল্লী বিদ্যুৎ এলাকা ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।