দুর্ঘটনায় আহত থানার সেকেন্ড অফিসার এসআই মারা গেছেন

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও পিকআপভ্যানের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ আহমেদ নামের পুলিশের এসআই মারা গেছেন । শনিবার (১৪ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি বাসাইল থানার সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের সরকার বাড়ি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। ফরিদ আহমেদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জানা গেছে, গত ১ নভেম্বর সকালে ফরিদ আহমেদ মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিংয়ে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইলেকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকায় পাশের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে বাসাইল থানা পুলিশসহ সংশ্লিষ্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সর্বশেষ তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। পরে শনিবার বিকাল সোয়া ৫টার তার মৃত্যু হয়। 

তিনি সৎ ও নিষ্ঠার সঙ্গে বাসাইল থানায় দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে বাসাইল থানায় তার সহকর্মী, পরিবার ও নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বাসাইল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, তার লাশ সরাসরি নিজ গ্রামে নেওয়া হবে। ফরিদ আহমেদ একজন দক্ষ ও চৌকস পুলিশ অফিসার ছিলেন।