গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া রবিবারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল পৌনে ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক ও আশপাশের এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে হাইড্রো অক্সাইড লিমিটেডের সামনে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের সরিয়ে দিলে সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়।

কারখানা বন্ধের বিষয়ে এপেক্স হোল্ডিং লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়ে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের মধ্যেও প্রতিষ্ঠানটির কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল। তবে গত শনিবার শ্রমিকেরা নির্ধারিত কাজে অংশ না নেওয়ায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী রবিবার থেকে কারখানাগুলোর সব বিভাগ ও শাখার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানা পুনরায় চালুর বিষয়ে পরে নোটিশ দিয়ে জানানো হবে।

এদিকে কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হয়েছেন। এ পরিস্থিতিতে শ্রম আইন অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট এবং এপেক্স হোল্ডিংয়ের আওতাধীন এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এপেক্স টেক্সটাইলস প্রিন্টিং মিলস লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেড (এক্সটেনশন), এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড ও এপেক্স ফ্যাশন ওয়্যার লিমিটেডসহ মৌচাক এলাকার মোয়াজ্জউদ্দিন টেক্সটাইল লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল। তবে সকাল সাড়ে ৮টার দিকে মৌচাকের তেলিরচালা এলাকায় লেভেন্ডা পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে হঠাৎ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলে সকাল ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।