গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 

পিরোজপুর ও গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামে স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগের এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০০ থেকে ৩০০ নেতাকর্মী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া থেকে একটি মিছিল নিয়ে উত্তর ঝনঝনিয়া টাওয়ার মোড়ে আসেন। কিছুক্ষণ পর তারা সেখানে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। কার্যালয়টি যে ভবনে অবস্থিত ওই ভবনের মালিক মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদার।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘মালিখালীর সীমান্তবর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থেকে লোকজন এসে ঝনঝনিয়ায় বিএনপির একটি কার্যালয়ে আগুন দিয়েছেন। এ সময় হামলাকারীরা বিএনপি নেতা সুমন তালুকদারের বাড়িতেও হামলা চালান। তবে কেউ হতাহত হয়নি।’

ঘটনার সত্যতা স্বীকার করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’