এবার গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি 
১৫ নভেম্বর ২০২৬, ২২:০৫ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২২:০৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে একদল লোক। রবিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন সকাল থেকেই তারা লগি-বইঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এবং বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতা চালান। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপভ্যানে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. আয়ুব আলী বলেন, ‌আজ বিকালে একদল দুর্বৃত্ত হঠাৎ করে এসআই মোসলেম আলীর মোটরসাইকেল রোধ করে হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় দায়ের করা ওই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা গেছে।

১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে প্রকাশ্যে এই বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন তারা। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় স্বাভাবিক চলাচল। 

হামলাকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত ব্যানার টানিয়ে দেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেটির তালা খুলে দেন। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ স্থাপন করেন তারা।

/এএম/ 
সম্পর্কিত
ডিসেম্বর ঘিরে উত্তাপের শঙ্কা: সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’
গোপালগঞ্জে হামলা-ভাঙচুর: দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি
খুলনায় সন্ত্রাসীরা গুলিতে মানুষ মারছে, আর পুলিশ মোটরসাইকেল থামিয়ে বলে ‘তোর কাগজ কই’
সর্বশেষ খবর
দিল্লিতে কাপড়ের দোকানের কর্মীকে ট্রায়াল রুমে গলা কেটে হত্যা
দিল্লিতে কাপড়ের দোকানের কর্মীকে ট্রায়াল রুমে গলা কেটে হত্যা
রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্ব কতটা নিশ্চিত হচ্ছে?
রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্ব কতটা নিশ্চিত হচ্ছে?
দিনের শেষ বলে আউট হৃদয় 
দিনের শেষ বলে আউট হৃদয় 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর