সাভারে বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেফতার ৪

ঢাকার সাভারের আউকপাড়া এলাকায় বহিরাগতদের হামলায় আহত এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শ্রমিকের পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

নিহত শ্রমিকের নাম সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি থানার কানাইপুর এলাকার মোহাম্মদ রহিমের ছেলে। সাভারের আউকপাড়া এলাকার ট্রেন্ট সুজ লিমিটেডে জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ জানায়, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গত ৩ নভেম্বর সাভার ও আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষ চলছিল। ওই দিন আউকপাড়ার চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রেন্ট সুজ লিমিটেডে শ্রমিকেরা কাজ করছিলেন। এ সময় বহিরাগত একদল লোক আশপাশের কয়েকটি কারখানায় হামলা চালায়। পরিস্থিতির কারণে সেদিন কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এর ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন্ট সুজ লিমিটেডও ছুটি ঘোষণা করে। কারখানা থেকে বেরিয়ে নিজ নিজ গন্তব্যে যাওয়ার পথে সেলিম হামলার শিকার হন। এ সময় এক ব্যক্তি লোহার রডজাতীয় বস্তু দিয়ে তার মাথায় আঘাত করেন। একই ঘটনায় আরও দুই শ্রমিককে মারধর করা হয়।

পরে গুরুতর আহত সেলিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা জেলার এএসপি (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান বলেন, আউকপাড়া এলাকায় ৪ নভেম্বরের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।