সাভার-আশুলিয়ায় ফের উত্তেজনা; সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ার গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। পরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে জড়ো হন। সকাল সাড়ে ৯টার দিকে তারা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। জবাবে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের সড়ক ও গলিতে অবস্থান নেন। সেখানে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আশপাশের কয়েকটি কারখানায় শ্রমিকেরা প্রবেশ করলেও ভেতরে কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।

এর আগে সকাল সাড়ে ৮টার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকায়ও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেন।

অন্যদিকে বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া ও ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একেএইচসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা সেখানে জড়ো হয়েছেন বলে জানান সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি কাজ করছে বলেও জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ওসি আলী আহমেদ বলেন, বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

একই থানার ইনচার্জ আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

জানা গেছে, বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত শ্রমিকদের অবরোধ অব্যাহত ছিল।

এদিকে শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় আটটি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং পাঁচটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

শিল্প পুলিশের একটি সূত্র জানায়, গত দুই দিন পরিস্থিতি শান্ত থাকায় আজ শিল্পাঞ্চলে বন্ধ থাকা কারখানার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছিল। তবে মঙ্গলবার সকালে নতুন করে শ্রমিক বিক্ষোভ শুরু হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।