খুলনায় সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যা, চাঁদাবাজি ও সশস্ত্র হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ধরতে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার এড়াতে তাদের কেউ কেউ জেলার বাইরে গিয়ে আত্মগোপন করছেন। তবে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে। গত কয়েক দিনে সিরাজগঞ্জ, পাবনা, গাজীপুর ও মাদারীপুর থেকে খুলনার একাধিক আলোচিত মামলার আসামি ও সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাঁখুয়া এলাকায় অভিযান চালিয়ে হোসেন ঢালী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ দল। তিনি খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার তরিকুল ঢালীর ছেলে। রনি হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসআরবির তথ্য অনুযায়ী, হোসেন আরমান বাহিনীর সক্রিয় সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দৌলতপুরের ইজিবাইকচালক মনিরুল ইসলাম রনি গত ২৩ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা পরে জানতে পারেন, মহেশ্বরপাশা খুটির ব্রিজসংলগ্ন পাকা সড়ক থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে গেছে। তিন দিন পর, ২৬ আগস্ট মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রনির মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর হোসেন ঢালীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এদিকে ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলে তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি বায়তুলকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৬ নভেম্বর ভোররাত পৌনে চারটার দিকে পাবনার হেমায়েতপুরে এক বন্ধুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, গত ৫ নভেম্বর হত্যাকাণ্ডের পর বায়তুল খুলনা ছেড়ে পাবনায় চলে যান। সেখানে বন্ধুর বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেফতারের পর হত্যাকাণ্ড সম্পর্কে বায়তুল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর রাতে গাজীপুর থেকে গ্রেফতার হন খুলনার বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আজম শেখ (৩২)। তাকে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে এসআরবি।
এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ দল গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে অভিযান চালায়। সেখান থেকে আজমকে গ্রেফতার করা হয়। তিনি খুলনার দৌলতপুরের আঞ্জুমান রোড এলাকার শেখ কামালের ছেলে।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, আজমের অপরাধসংক্রান্ত নথি পর্যালোচনায় খুলনা মহানগর পুলিশের দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি মাদক, চারটি হত্যাচেষ্টা, দুটি চাঁদাবাজি ও একটি চুরির মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া খুলনার সন্ত্রাসী গ্রুপ নুরাজিমের প্রধানের সহোদর ও বাহিনীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ নভেম্বর রাত সাড়ে তিনটার দিকে মাদারীপুরের শিবচর থানার ডিসি রোড এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তিনি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার রোডের মৃত শাহজাহানের ছেলে।
এসআরবি-৬ জানায়, গত ১১ নভেম্বর খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে এসেছে। এ ছাড়া খুলনা শহরে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে গ্রুপটির বিরুদ্ধে। রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
খুলনা মহানগর পুলিশের কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, অপরাধীদের শনাক্ত করা হয়েছে। বিভিন্ন ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের চিহ্নিত করা হয়েছে। অপরাধের পর তারা আত্মগোপনে থাকলেও প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থানের ওপর নজর রাখা হচ্ছে।
তিনি বলেন, সন্ত্রাসীরা এক জায়গায় স্থির থাকছে না; নিয়মিত অবস্থান পরিবর্তন করছে। এ কারণে তাদের অবস্থান শনাক্ত করা গেলেও গ্রেফতারে কিছুটা সময় লাগছে। তবে ইতিমধ্যে একে একে গ্রেফতার শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অন্য অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে।
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পারসন আসিফ ইকবাল বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে রেঞ্জ পুলিশের নিয়মিত সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাদের মামলার মান বজায় রেখে তদন্ত শেষ করা এবং মানসম্মত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যথাযথ প্রমাণ ও তথ্য নিশ্চিত করা গেলে আদালতে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহজ হবে।