বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় পুলিশের মামলা, কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি কারাগারে

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ৩৮ জন নামীয়সহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ওই মামলায় পুলিশ হেফাজতে থাকা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ফতুল্লা মডেল থানায় উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। তবে মামলার বিষয়টি সন্ধ্যায় প্রকাশ করেছে পুলিশ।

মামলার অপর আসামিরা হলেন- জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, কার্যক্রম নিষিদ্ধ ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, স্বেচ্ছাসেবক লীগের কর্মী মীর হোসেন মীরুসহ আরও ৩৫ জন। এ ছাড়া অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় শফিকুল ইসলামকে ৫ নম্বর আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত সোমবার রাত সোয়া ২টার দিকে ফতুল্লার উত্তর মাসদাইরের গাবতলী এলাকায় এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত। এ মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারসহ (৫৮) পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামিরা হলেন- যুবলীগ নেতা মো. হাসান (২৭), সামসুজ্জামান জামান (৫৬), সোহেল (৩৩) ও আব্দুল বারিক ইসলাম হৃদয় (২০)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় শফিকুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের আমবাগান এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম দেলোয়ারকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।