জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন ফ্যাসিবাদ। আর যখন ক্ষমতার বাইরে থাকে তখন নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। সেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোই এখনও তারা করছে। ২৪-এর আগে ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে গুম করে রেখে নির্যাতন ও গণহত্যা করেছে। সেই আওয়ামী লীগ ২৪-এর পরও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দেশে নাশতকা করছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষের মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত শেষে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে আসার যে কথা বলা হচ্ছে, আসলে একটা পাগলের বোল। শেখ হাসিনা দেশে আসবে না। শেষ হাসিনা নিজ থেকে দেশে আসার কোনও বিষয় নেই, বরং তাকে চুক্তির মধ্যে দিয়ে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার চিন্তা আছে বর্তমান সরকারের। আরেকটা কথা, শেখ হাসিনার কিন্তু দেশে আসার সাহস নেই। তিনি এখন পর্যন্ত নিজের মুখ দেখাতে পারলেন না। এখন যদি দেশকে নানাভাবে অস্থির করার চক্রান্ত করা হয়, অবশ্যই বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।
লন্ডনে সফররত নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যেসব সন্ত্রাসী রয়েছে তারা নাহিদ ইসলামকে আক্রমণ করতে চেয়েছে। সেখানে বাংলাদেশি এবং এনসিপি নিরাপত্তা দেওয়ার কারণে নাহিদের ওপর আক্রমণ করতে পারেনি তারা। এ ঘটনায় বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান থাকবে, একজন সংসদ সদস্য ও চিফ হুইপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, সেখানকার হাইকমিশনার যেন যোগাযোগ করে নিরাপত্তা নিশ্চিত করে। একইসঙ্গে নাহিদের ওপর হামলাকারীদের বাংলাদেশি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই।
এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।