পোশাক শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষকে পুঁজি করে বিশৃঙ্খলা, ভাঙচুর ও ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ কর্মীকে ব্যানার ও লাঠিসোঁটাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় ছাত্রদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া সংলগ্ন বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টায় আশুলিয়ার কাঠগড়া সংলগ্ন বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং ময়দানে ২০ থেকে ২৫ জনের একটি দল এসে জড়ো হয়। তাদের কার্যক্রম ও তৎপরতা অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ঘিরে ফেলেন। পরে তাদের কাছ থেকে ফেস্টুন-ব্যানার ও কাঠের লাঠিসোঁটা উদ্ধার করা হয়। থানায় বিষয়টি জানানো হলে পুলিশ তাৎক্ষণিকভাবে এসে তাদের হেফাজত নেয়।
আশুলিয়া থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, কিছু তরুণ হাউজিং প্রাঙ্গণে জোর করে যানবাহন নিয়ে ঢোকার চেষ্টা করছিল। এ সময় ঘটনাস্থলে গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই সেখানে থেকে পালিয়ে যায়। পরে সেখানে উপস্থিত থাকা ব্যক্তিদের মুঠোফোন ঘেঁটে ‘দুর্দিনের সৈনিক লীগ’-সহ বিভিন্ন বিতর্কিত দলের অভ্যন্তরীণ বার্তা আদান-প্রদানের গ্রুপের সন্ধান মেলে। সঙ্গে সঙ্গেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। উদ্ধারকৃত ব্যানার ও লাঠিসোঁটাসহ তাদের জিম্মায় দিয়ে দেওয়া হয়। উদ্ধার করা লাঠির ওপর ‘জিরাবো’ শব্দটি লেখা ছিল।
ছাত্রদলের এই নেতা আরও বলেন, এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার একটি পূর্বপরিকল্পিত ছক বাস্তবায়নেই তাদের বাইরে থেকে মদত দিয়ে নামানো হয়েছিল। জিজ্ঞাসাবাদে তারা সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের আড়ালে পিকআপ ভাঙচুর ও নিকটবর্তী ‘টেক্সটাউন’ নামক পোশাক কারখানায় নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে ঝটিকা মিছিলের উদ্দেশ্য নিয়ে সমবেত হওয়া ১৭ জনকে পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্যে বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও যাচাই-বাছাই সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।