ঢাকার সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা আন্দোলনকারীরা সরে গেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সাভার মডেল থানায় করা ১১টি মামলায় এখন পর্যন্ত ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সাভার হাইওয়ে থানার ওসি আলী আহমেদ বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে তারা সড়ক ছেড়ে যান।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, সকাল থেকেই বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি ছিল। শ্রমিকেরা আগের দিন তাদের দাবি পূরণ না হওয়ায় নতুন করে আন্দোলনে নামেন। তবে এ আন্দোলনে শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরাও যুক্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ওসি আরও বলেন, কিছু ব্যক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করছেন বলে পুলিশের ধারণা। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় করা ১১টি মামলায় এখন পর্যন্ত ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল হোতাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে উল্লেখ করে সাইফুল আলম বলেন, দায়িত্ব পালনকালে আহত হওয়ার ঝুঁকি থাকলেও পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন। তারা কোনও প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছেন না। পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের নিজেদের ভাই মনে করে পরিস্থিতি মোকাবিলা করছেন।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু হলেও এর পেছনে অন্য কোনো উসকানিদাতা, ইন্ধনদাতা ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সক্রিয়তা রয়েছে বলে পুলিশের ধারণা। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ওসি বলেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে। সাভারে বিজিবির দুটি প্লাটুন মোতায়েন রয়েছে। দুষ্কৃতকারীদের আটক ও বিতাড়িত করে আইনের শাসন প্রতিষ্ঠা করাই পুলিশের লক্ষ্য।
এর আগে টানা দুই দিন শান্ত থাকার পর মঙ্গলবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে তাদের এ আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
একপর্যায়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা সোয়া ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে যান।