নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড়ে লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্নসংলগ্ন সড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস পার্ক করা ছিল। রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় বাসটি ফাঁকা থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটির নিয়মিত চালক হিসেবে মামুন নামের আরেক ব্যক্তি দায়িত্ব পালন করতেন। বাসটি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের যাতায়াতের কাজে ব্যবহার করা হতো বলে জানিয়েছে পুলিশ।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা সড়কের পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।