শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ফেডারেশনের দুই নেতা গ্রেফতার

ঢাকার সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে দুই শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরে আরও এক শ্রমিক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রেফতার দুজন হলেন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক ইলিয়াস (৫১)। আর আটক শ্রমিক নেতার নাম হুমায়ুন কবির। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন মোটর চালক শ্রমিকলীগের সভাপতি।

আজ বুধবার বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একেএইচ গ্রুপের একটি কারখানার সামনে থেকে হুমায়ুন কবিরকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, শ্রমিকদের উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারা হুমায়ুন কবিরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

ওসি আরও বলেন, উৎপাদন কার্যক্রম চালু রাখা কারখানার মালিক ও শ্রমিক নেতাদের হুমকি দেওয়া এবং শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে সুলতানা বেগম ও ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য প্রয়াত হাজী মকবুল হোসেনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, লিফলেটসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে, আজ বুধবার দুপুর সোয়া একটার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এমকে অ্যাপারেলস কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা। তারা কারখানার ফটক, অভ্যর্থনাকক্ষের কাচ এবং একটি গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।