চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় তার বাবা কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন চৌধুরীকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে মিছিলের প্রায় ১৮ ঘণ্টা পর একই এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় ৮ থেকে ১০ জনের একটি দল ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে। কয়েক সেকেন্ডের মধ্যে মিছিলটি শেষ করে তারা সেখান থেকে সরে পড়েন। মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী, যিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মিছিলে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত।
এ ঘটনার পর সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একই এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে নাশকতার চেষ্টা হয়। চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে পালিয়ে যায়।
পরে পুলিশ জ্বলন্ত টায়ারের আগুন নেভায় এবং সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে। ফাঁকা গুলি ছোড়ার বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।
রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল বলেন, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে তারা এলাকায় পাহারা দিচ্ছিলেন। এক অটোরিকশাচালকের মাধ্যমে খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। তবে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন অভিযোগ করেন, ছত্তার ব্রিজ এলাকায় কিছু সন্ত্রাসী টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা ঠেকাতে তারা মাঠে রয়েছেন।
এদিকে, ছেলের মিছিলে নেতৃত্ব দেওয়ার ঘটনায় সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, সেলিম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি যুবদলের দায়িত্বেও ছিলেন। ছেলের কর্মকাণ্ডের বিষয়ে তাকে কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তা ঠেকাতে ব্যর্থ হওয়ায় সোমবার তাকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।