শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে উল্লেখ করে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মুতাসিম বিল্লাহ।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুকে ভিডিও বার্তায় রাজনীতি ছাড়ার এ ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘গোপালগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে তার ওই ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়।
ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বলেন, ‘আমি বিশ্বাস করি যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন।’
তিনি আরও বলেন, ‘আল্লাহকে সাক্ষী রেখে রাজনীতিতে প্রবেশের একমাত্র উদ্দেশ্য ছিল নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা। বিশেষ করে নিজের এলাকার যেসব মানুষ জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের পক্ষে কথা বলাই ছিল আমার রাজনৈতিক লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলাম। আমার নেতৃত্বাধীন কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারি অর্থাৎ জাতীয় নির্বাচন পর্যন্ত দায়িত্বে ছিল।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন পরবর্তী সময়ে চাকরি, পরিবার ও ক্যারিয়ারের ব্যস্ততার কারণে রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব হয়নি। দায়িত্ব পালনকালে নিজের অজান্তে বা অনিচ্ছায় কোনও কথা কিংবা কাজের মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় যারা পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।’
রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এখন থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় বিদায় নিচ্ছি। এই মাটি ও মানুষের জন্য, দেশের জন্য যেকোনো সময় যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমি তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবো।’
ভিডিও বার্তার শেষাংশে নিজের জন্মভূমি টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের মানুষের প্রতি শুভকামনা জানান মুতাসিম বিল্লাহ। পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেন তিনি।