সাভার-আশুলিয়ায় পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ৫ শ্রমিক নেতাসহ গ্রেফতার ৯৬

ঢাকার সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলন ঘিরে সহিংসতা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ শ্রমিকনেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। এ নিয়ে সাভার ও আশুলিয়া থানায় করা ১৮টি মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬। গ্রেফতার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর সকাল ১১টার দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ। এ সময় যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ এগিয়ে গেলে আন্দোলনকারীরা ইটপাটকেল, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। তারা পুলিশের একটি পিকআপ ভ্যান ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে সাভার মডেল থানার ওসিসহ ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় সাভার মডেল থানায় করা ১৬ নম্বর মামলার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এক সংসদ সদস্যের বাসা থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন গ্রিন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম (৫০) ও সাধারণ সম্পাদক ইলিয়াস (৫১)। তাদের বিরুদ্ধে কারখানার মালিকদের কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

অন্যদিকে গত ৩ নভেম্বর আশুলিয়ার ঘোষবাগ এলাকায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ৪০০ থেকে ৫০০ জনের একটি দল একটি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর চালায়। এতে কারখানাটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। এ সময় বাধা দিতে গেলে কারখানার প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কারখানার ফটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করে।

এ ঘটনায় আশুলিয়া থানায় করা ২ নম্বর মামলার তদন্তে স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও তিন শ্রমিকনেতাকে গ্রেফতার করা হয়। তারা হলেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামীম (৪৮), বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জিরাবো আঞ্চলিক কমিটির সভাপতি মনসুর আলী (৪৬) এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হালিম (৩৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের সাতটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। পৃথক ঘটনায় প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া আশুলিয়া থানায় করা ১৬ নম্বর মামলার তথ্য অনুযায়ী, পরিকল্পিত হামলায় একজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার শ্রমিকনেতারা শ্রমিকদের ন্যায্য দাবিকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছেন। আন্দোলনে যোগ দিতে অথবা নীরব থাকতে শ্রমিকদের চাপ ও হুমকি দেওয়ার পাশাপাশি আন্দোলনকে সহিংস রূপ দিতে অর্থায়নের তথ্যও পেয়েছে পুলিশ। এ ছাড়া নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার ইঙ্গিত পাওয়ার কথাও জানিয়েছে তারা।

পুলিশের দাবি, শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা কিংবা ন্যায্য মজুরির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। নির্দিষ্ট মামলায় সহিংসতা, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।