ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় ছাত্রদলকর্মী শাকিল খান বলেন, শুক্রবার রাত ২টার দিকে বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পান এক নারী। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে দুর্বৃত্তরা উপজেলার হাসিলবাগ গ্রামের বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের বিরুদ্ধে অচিরেই কালীগঞ্জে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, উপজেলার হাসিলবাগ গ্রামে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।