রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজবাড়ী শহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মধ্যরাতে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।