পাবনার চাটমোহরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবিরসহ সংগঠনটির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চাটমোহর থানার ওসি ওলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার অন্য দুজন হলেন গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং বড়শালিকা গ্রামের ছাত্রলীগ সদস্য রাশেদুল ইসলাম।
পুলিশ জানায়, চাটমোহরে নাশকতার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের বিষয়ে গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে হরিপুর এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবিরকে এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ওসি ওলিউর রহমান জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। রোববার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।