বেতন ১৭ হাজার টাকা করায় সরকারকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের মিছিল

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণা করায় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী এবং মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা। মিছিলটি গাজীপুর মহানগরীর বোর্ডবাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ শেষে আবার বোর্ড বাজারে এসে শেষ হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

বোর্ড বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে রাখেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা কমিটির সভাপতি মোহাম্মদ আলী এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা।

শ্রমিক নেতারা তাদের বক্তব্য বলেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। যেসব শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে দেশের শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে, সেই শিল্পকে ধ্বংস করার উদ্দেশে কিছু কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমিকদেরই বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, শিল্পকারখানায় ভাঙচুর, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দুঃখের সঙ্গে বলতে চাই, সরকার মজুরি বৃদ্ধির পরও কিছু সংখ্যক শ্রমিক গার্মেন্টসে কাজ বন্ধ করে বিশৃঙ্খলা ও কারখানায় ভাঙচুর করতেছে। সমস্ত গাজীপুরে সুন্দরভাবে আবার উৎপাদন শুরু হবে, শ্রমিক ভাইদের প্রতি এটাই আমাদের চাওয়া। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদন সচল রেখে শ্রমিক-মালিকের সমন্বয়ে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।