গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে এবং মাওনা চৌরাস্তা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা এবং সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা পৃথক স্থানে এ ঘটনা ঘটায়।
রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ব্যস্ততম ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত মাওনা চৌরাস্তা এবং শ্রীপুর উপজেলার প্রশাসনের ভবনের ভেতর ইউএনও বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব বিষয়ে কিছু জানেন না বলে জানান।
শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার বাসভবনের সামনের পুকুরের দক্ষিণ পাড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তিনি নিরাপদে আছেন। খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন বলেও জানান তিনি।
অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর ওপর থেকে পশ্চিম পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে মহাসড়কের ওপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় অল্পের জন্য একটি ককটেল দোকানে ঢুকে যায়নি। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইয়াকুব আলী সুপার মার্কেটের ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, উড়াল সেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে ছুড়ে মারলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এ সময় সড়কে থাকা পথচারী, রিকশাচালকরা ভয়ে ছোটাছুটি শুরু করেন। আতঙ্কে ব্যবসায়ী এবং সড়কের পাশে থাকা ছোট দোকানদাররা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার এবং মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা আমার জানা নেই। উল্টো তিনি এই প্রতিনিধির কাছে জানতে চান কখন, কোথায় ককটেল বিস্ফোরণ ঘটেছে, জানালে খোঁজ নেবেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা উড়াল সেতুর ওপর থেকে দুটি ককটেল ছুড়লে বিস্ফোরণ ঘটে। তবে এতে কারও কোনও ক্ষতি হয়নি।