কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে ওসি বললেন ‘আপনারা সাকসেস, যা চেয়েছেন তা পেয়েছেন’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেছেন, ‘আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়িঘোড়া যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন।’ 

রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মাদারীপুরের টেকেরহাট এলাকায় সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে ওসি বলেন, ‘ধন্যবাদ আপনাদের সবাইকে। গত রাত থেকে আপনারা যে কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনও সহিংসতার ঘটনা ঘটেনি। এজন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’

ওসির এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে ওসি শেখ আমিনুল ইসলাম বলেছেন, ‘আন্দোলনকারীরা যাতে কোনও ভাঙচুর ও নাশকতা না চালায়, তাই এ কথা বলেছি। আন্দোলনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি পুলিশ বা সাধারণ মানুষের ওপর হামলা চালাতো তাহলে প্রাণহানির ঘটনা ঘটতেও পারতো। এমন শঙ্কা থেকেই এসব কথা বলেছি।’

অবরোধের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। জরুরি যানবাহন চলাচল নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান তারা। এ সময় স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন উল্লেখ করে ওসি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি না করার কথা বলেছেন এমপি জাহান্দার আলী নিজেই।  

অবরোধকারীদের উদ্দেশে ওসি বলেন, ‘আপনারা কেউ বলতে পারবেন না, আগ্রাসী ভূমিকা নিয়ে আমরা বা আমি আওয়ামী লীগের কোনও নেতাকর্মীর বাসায় হামলা করেছি বা হয়রানি করেছি। এখানকার এমপি বলেছেন, ‌“আমি (জাহান্দার আলী মিয়া) আওয়ামী লীগের ভোটে নির্বাচিত। এখানে ১০ বা ১৫ শতাংশ অন্য দলের ভোটার। বাকি সব আওয়ামী লীগের। এখানে আপনারাই কিন্তু আমাকে (এমপি) ভোট দিয়েছেন।”

ওসি বলেন, ‘তিনি (এমপি) কখনও বলেননি অমুককে ধরো, তমুককে ধরো। এগুলো কিন্তু এক বছরেও বলেননি। এজন্য আমার কথা হচ্ছে, কারও মনে যদি কোনও কষ্ট থেকে থাকে, সেগুলো ভুলে আপনাদের (স্থানীয়দের) ও রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য শান্ত হবেন। রাস্তায় আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়িঘোড়া যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন। তারাই (স্থানীয়রা) আপনাদের আত্মীয়স্বজন। সব ভুলে গিয়ে রাষ্ট্রের এবং আপনাদের সম্পদ রক্ষা করার জন্য আপনারা দয়া করে শান্ত হবেন। রাস্তায় আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সাকসেস।’

তিনি আরও বলেন, ‘আপনারা যেটা চেয়েছিলেন, পেয়েছেন। এখন আপনারা এখান থেকে সরে যাবেন। যারা রাস্তায় আটকে আছে তারা আপনাদেরই আত্মীয়স্বজন, বরিশালে যাবেন, ঢাকায় যাবেন। আপনারা যদি গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর—পাঁচ জেলা, এটা সবাই জানে, এখানে চাকরি করা। চাকরির মধ্যখানে আমরা কিন্তু আপনাদের কারও কথায় কোনও ত্রুটি বা কোনও ধ্বংসের কোনও কার্যকলাপ আমি করিনি এক বছরে। আপনাদের কাছে আমার আবেদন, আপনারা দয়া করে শান্তি বজায় রেখে যার যার অবস্থানে চলে যাবেন। কেউ কারও বাড়ি ভাঙচুর করবেন না। আপনাদের কারও ভাই বিএনপি করে, আপনার চাচা আওয়ামী লীগ করে; আপনাদেরই বাড়ি, আপনাদেরই ঘর। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বেশিরভাগই আপনাদের।
এই প্রতিষ্ঠানের ক্ষতি হলে আওয়ামী লীগের লোকের বেশি ক্ষতি হবে, এটা আপনারা মাথায় রাখবেন।’

এ বিষয়ে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘এটা ওসির বক্তব্য। ওসিকে জিজ্ঞেস করেছিলাম, এমন কথা কখন তাকে বলেছি? ওসি বললেন, পরিস্থিতি সামাল দিতে তিনি ওই কথা বলেছেন। আমি সবার ভোটে নির্বাচিত। সকলে আমাকে ভোট দিয়েছে। কোনও দলের কথা আমি বলিনি।’

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার লকডাউন কর্মসূচি পালনে মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা-বরিশাল মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন তারা।

এর আগে শনিবার রাত ১২টার পর জেলার গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার ভোর ৫টা থেকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান ও অবরোধ শুরু করেন তারা। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেন তারা।

এমন দৃশ্য দেখা গেছে রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোর থেকে দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন দূরের যাত্রী ও চালকরা।