আদালতে পাঠানো হলো বনদস্যু মাস্টার বাহিনীর সদস্যদের

বাগেরহাটসুন্দরবনের বনদস্যু ‘মাস্টার বাহিনী’র সদস্যদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের পর তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বাগেরহাট ও মংলা থানা পুলিশের যৌথ বিশেষ পাহারায় বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার বিকালে মংলায় বিএডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে মাস্টার বাহিনীর প্রধানসহ ১০ বনদস্যু আত্মসমর্পণ করেন। এ সময় তারা ৫২টি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার রাউন্ডেরও বেশি গুলি জমা দেন।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সুন্দরবনের আত্মসমর্পণ করা ১০ বনদস্যুকে রাতে থানায় হাজতে রাখা হয়। তাদেরকে আইনি প্রক্রিয়ার জন্য বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আত্মসমর্পণ করা ১০ বনদস্যু হলেন বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে মজিদ ওরফে কাদের মাস্টার (৪৭), সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন (৩৭), ফজলু শেখ (৩৫), সোলায়মান শেখ (২৮), মো. শাহিন শেখ (২৮), মো. হারুন (২৪), মো. আরিফ সরদার (২২), মো. আসাদুল ইসলাম কোকিল (২৭), সুমন সরকার (৩৪) ও মো. সুলতান খান (৫৮)।

সুন্দরবনে জেলেদের ত্রাস ছিল মাস্টার বাহিনী। নৌকা ও জেলেদের জিম্মি করে বড় অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করত এই মাস্টার বাহিনী। আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবনের ভয়ঙ্কর এই অপরাধীরা স্বাভাবিক জীবনের পথে পা বাড়ানোর সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন:
স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সব সহায়তা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

/বিটি/এফএস/