নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার


ঝিনাইদহঝিনাইদহের কালীগঞ্জ থেকে নিখোঁজের পাঁচদিন পর খোকন কুমার দাস (৩৮) নামে এক ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোল্লাকোয়া গ্রামে একটি আখক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত খোকন কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের শ্যামা পদ দাসের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশটি ৫ দিন আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক খোকন দাসের। সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের বেজপাড়া ওয়ার্ডের মেম্বর সুদেব দাস লাশটি খোকন দাসের বলে শনাক্ত করেছেন।

ওসি আরও জানান, মাঠের মধ্যে পড়ে থাকা লাশের মুখ বাধা ছিল। সম্ভবত ৩/৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। যার কারণে লাশটি পঁচে গলে গেছে। ইজিবাইক ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

উল্লেখ্য, গত ২২ জুন দুপুর থেকে নিখোঁজ হন ইজিবাইক চালক খোকন দাস। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের সদস্যরা খোকনের নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।

এদিকে, নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর সার্কেল এএসপি আলী আযম খান।

আরও পড়ুন:
রোজায় ১৮ জেলায় পৌঁছায়নি টিসিবি’র পণ্য, প্রধান বাধা পরিবহন খরচ

/বিটি/