খুলনায় শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি হচ্ছে

খুলনাখুলনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলাকারীরা বেসরকারি ইউনির্ভাসিটির শিক্ষার্থী ও কয়েক মাস ধরে তাদের নিখোঁজ থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শিক্ষা অফিস থেকে পৃথকভাবে এই তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (সিটিএসবি) মো. মনিরুজ্জামান মিঠু জানান, খুলনার থানাগুলোতে কোন নিখোঁজ সংবাদ থাকলে সে ব্যাপারে যাচাই-বাছাই ও অবহিত করতে বলা হয়েছে। তিনি বলেন, ঢাকা থেকে এ ব্যাপারে যে ‘ম্যাসেজ’ দেওয়া হয়েছে, তা সকল থানাকে জানানো হয়েছে।
নর্দান ইউনির্ভাসিটির খুলনা ক্যাম্পাসের ডেপুটি রেজিস্ট্রার মো. এমদাদুল হক জানান, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের সহায়তা চাওয়া হয়েছে। সে অনুযায়ী তারা সেমিস্টার অনুযায়ী অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন। তিনি বলেন, শিক্ষিত যুবকদের এ ধরনের হামলার সাথে সম্পৃক্ততা উদ্বেগজনক। এই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য স্টাফ ও শিক্ষার্থীদের আইডি কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও জানান, এনএসআই এর পক্ষ থেকে যোগাযোগ করে প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী সংখ্যা (ছেলে-মেয়ে পৃথকভাবে), অনুপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নাম-ঠিকানা জানতে চাওয়া হয়েছে। এনএসআইর পক্ষ থেকে তথ্য চেয়ে একটি লিখিত কপিও দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের বিবিএর এক শিক্ষার্থী সম্প্রতি নিখোঁজ হয়েছেন। অভিভাবকের কাছ থেকে সেমিস্টার পরীক্ষার ফি নিয়ে কলেজে আসার পথে তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর অভিভাবকরা থানায় সাধারণ ডায়রি করেছেন।

খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইঞ্জিনিয়র আবুল কালাম আজাদ জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরীজীবীরাও পড়াশোনা করে থাকেন। অনেক ক্ষেত্রেই তারা দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। তিনি বলেন, জঙ্গী হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর জড়িত থাকার বিষয়টি অভিভাবকদের মধ্যেও আতঙ্ক তৈরি করেছে। গুলশানের ঘটনার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

/এইচকে/

আরও পড়ুন: হরকাতুল জিহাদ নেতার ভাই মতি কারাগারে