বৃহস্পতিবার ‘ইনটিগ্রেটেড চেকপোস্ট’ উদ্বোধন করবেন ২ দেশের প্রধানমন্ত্রী

যশোরের বেনাপোল স্থলবন্দরের লিংক রোড দিয়ে ভারতের নবনির্মিত পেট্রাপোল স্থলবন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্টের আমদানি-রফতানি বাণিজ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হাসিনা-মোদি

বৃহস্পতিবার দুপুর ২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল বন্দরে অবস্থিত লিংক রোড, বাস টার্মিনালসহ আরও কয়েকটি স্থাপনাও উদ্বোধন করবেন বলে জানা গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লী থেকে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। 

বেনাপোল বন্দর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্দর পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা ভিডিও কনফারেন্স আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। ঠিক একইভাবে ভারত অংশে পেট্রাপোল বন্দরে ও প্রশাসনিক কর্মকর্তারা ও প্রস্তুতি নিচ্ছেন। 

বেনাপোল বন্দরের আমদানি-রফতানি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ইতোপূর্বে বেনাপোল বন্দরে বৃহৎ পরিসরে বাণিজ্যিক কার্যক্রম চললেও ভারতের পেট্রাপোল বন্দরে স্বল্প পরিসরে ছিল বাণিজ্যসেবা। এতে পণ্য খালাসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে দুই পারের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ভারত অংশে বেনাপোল বন্দরের গাঁ ঘেঁষে ৩শ’ হেক্টর জমির ওপর নির্মিত হয় অত্যাধুনিক এই ‘ইন্টিগ্রেটেড চেকপোস্ট’। পরবর্তীতে বেনাপোল বন্দরের সঙ্গে লিংক রোড তৈরি করে সংযোগ দেওয়া হয় পেট্রাপোল বন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্টের।

জানা গেছে, এই ইন্টিগ্রেটেড চেকপোস্টটির প্রধান নিরাপত্তা দায়িত্বে রয়েছে দুই শতাধিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য। এক হাজার পণ্যবাহী ট্রাকের ধারণ করার ক্ষমতা সম্পন্ন ইন্টিগ্রেটেড চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যে আরও গতি আসবে।

ট্রাক টার্মিনাল, এয়ারকন্ডিশন ওয়ার হাউজ, এক্সপোর্ট-ইমপোর্ট জোনও স্ক্যানিং মেশিনসহ বিশ্বের আধুনিক বন্দরের সব সুযোগ-সুবিধা থাকছে এখানে। ইতোপূর্বে যানজট নিরসনে এপথে শুধুমাত্র রফতানি বাণিজ্য শুরু হলেও এখন থেকে আনুষ্ঠানিকভাবে আমদানি-রফতানি দুটোই শুরু হতে যাচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধনের বিষয়টি  নিশ্চিত করেছেন।

/এইচকে/

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, ১১ দিনেও খোঁজ মেলেনি