মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী অপহরণের পর উদ্ধার, গ্রেফতার ২

মাগুরামানবতাবিরোধী অপরাধ মামলার বাদীকে অপহরণের একদিন পর, পুলিশি অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে । বুধবার সকালে মাগুরা সদরের বাহারবাগ গ্রামে এ অভিযান চালানো হয়। এর আগে, মঙ্গলবার বাদীকে অপহরণ করা হয়।
উদ্ধারকৃত বাদী খোদেজা খাতুন। গ্রেফতারকৃরা হলো মাগুরা সদর উপজেলার গোপাল গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব ও তার বাবা একই ইউপি’র সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বাশি মিয়া।
সদর থানার ওসি একেএম আজমল হুদা মামলা ও অপহৃতের বরাত দিয়ে জানান, সদর উপজেলার সংকোচখালী গ্রামের হাসেম আলীর  মেয়ে খাদিজা খাতুন মুক্তিযুদ্ধের সময় তার বাবাকে নির্যাতন ও  হত্যার অভিযোগে ১৯৯৯ সালে গোপালগ্রাম ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান  আফজাল হোসেন বাশি মিয়াসহ ৯ জনের নামে আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
সেই থেকে মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ দীর্ঘদিন বাদীকে নানাভাবে চাপ   দিয়ে আসছে।

সর্বশেষ মঙ্গলবার আসামীরা কৌশলে বাদীকে তাদের বাড়িতে নিয়ে আটকে, মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। পুলিশ বিষয়টি জানতে পেরে বুধবার সকালে ওই বাড়িতে অভিযান চালিয়ে, বাদীকে উদ্ধার করে ও যুদ্ধাপরাধ মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বাশি ও তার ছেলে বর্তমান চেয়ারম্যান নাজমুল হাসান বাশিকে গ্রেফতার করে।

পরে, বুধবার দুপুরে, খোদেজা খাতুন বাদী হয়ে রাজিব চেয়ারম্যান ও তার বাবা সাবেক চেয়ারম্যান বাশি মিয়া ও মতিয়ার রহমান নামে তাদের এক সহযোগির নামে সদর থানায় নারী-শিশু নির্যাতন ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

পুলিশ বিকেলে গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে সোপর্দ করলে, আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

/এইচকে/

আরও পড়ুন: বিএনপি থেকে সাবেক এমপি সালিমুল হক কামালের পদত্যাগ