নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

প্রসূতির মৃত্যুতে স্বজনদের আহাজারি নড়াইলের লোহাগড়া উপজেলায় ভুল চিকিৎসায় অপারেশন থিয়েটারে প্রসূতি মৃত্যুর অভিযোগে একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের লক্ষ্মীপাশায় ‘মা সার্জিক্যাল ক্লিনিকটি সিলগালা করা হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বৃহস্পতিবারই মা সার্জিকাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দেন। পরে  শুক্রবার ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের দিনমজুর রাম গোপাল পালের স্ত্রী প্রসূতি অঞ্জনা পালকে (৪২) লক্ষ্মীপাশা ‘মা সার্জিক্যাল ক্লিনিক’ এ ভর্তি করা হয়। কিন্তু এ ক্লিনিকে কোনও সার্জন এবং এনেসথেসিয়ার ডাক্তার না থাকায় লোহাগড়া মর্ডান ডায়াগনেস্টিক সেন্টারের ডা. ডেভিড তন্ময় বিশ্বাস দুপুরে মা সার্জিক্যাল ক্লিনিকে আসেন। অঞ্জনা পালকে অপারেশন থিয়েটারে নিয়ে ডা. ডেভিড তন্ময় নিজেই এনেসথেসিয়া দেন। পরে ওই ডাক্তার অঞ্জনা পালের শরীরে অস্ত্রপচার করলে তার দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অপারেশন থিয়েটারেই রোগীর মৃত্যু হয়। এ সময় মায়ের গর্ভেই শিশুর মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে ডা. ডেভিড তন্ময় বিশ্বাস ও ক্লিনিক মালিক জাহাঙ্গীর শেখ অপারেশন থিয়েটারে রোগী ফেলে দ্রুত পালিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের আত্মীয়স্বজন ও উত্তেজিত জনতা ক্লিনিক ঘেরাও করেন।

নিহত অঞ্জনা পালের বোন নমিতা সাংবাদিকদের বলেন, মেয়াদোত্তীর্ণ এনেসথেশিয়া ইনজেকশন পুশ করার কারণেই আমার বোনের মৃত্যু হয়েছে। ডাক্তার ও ক্লিনিক মালিক এক ঘণ্টা অপারেশন থিয়েটারে রোগী রেখে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে অহেতুক সময়ক্ষেপন করতে থাকেন। তারা বেরিয়ে যাওয়ার পরে বুঝতে পারি আমার বোন মারা গেছে।

লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে অভিযোগ করলে মামলা নেওয়া হবে। মৃতের আত্মীয়স্বজন কোনও অভিযোগ দেয়নি। তাছাড়া মৃতের স্বামী রামগোপাল পাল লিখিতভাবে জানিয়েছেন তিনি কোনও মামলা করবেন না।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সাদ উল্লাহ বলেন, লোহাগড়া উপজেলার মা সার্জিক্যাল ক্লিনিক বা মর্ডান ডায়াগনেস্টিক সেন্টারের কোনও লাইসেন্স নেই। আমি সবেমাত্র এসেছি, লাইসেন্সবিহীন ক্লিনিকের বিষয়টি দেখবো। তবে গর্ভবতী মা ও শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:
চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্য গ্রেফতার

/বিটি/