এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও কাউকে আটক করতে পারেনি। ক্যাম্পাসে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের মধ্যেই প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড. নমিতা হালদারকে পুলিশ কঠোর পাহাড়ায় নিরাপদ স্থানে নিয়ে যায়।
এদিকে এ ঘটনায় অজ্ঞাত নামা দেড়শ জনকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় ছাত্রলীগের এক পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মেডিক্যাল কলেজের ছাত্র বিভাস চন্দ্র দাশ বাদী হয়ে শনিবার বিকালে এ মামলাটি দায়ের করেছেন।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পক্ষের মধ্যে মারামারি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কাউকে আটক করতে পারেনি।
জানা গেছে, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড. নমিতা হালদার কলেজ ও হাসপাতাল পরিদর্শনে আসেন। এ অবস্থায় তার সংবর্ধনার আয়োজনও ছিল খুলনা মেডিক্যাল কলেজে। পরিদর্শন কার্যক্রম শুরুর আগে সকালে তার সামনেই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর কর্তৃপক্ষ বিষয়টি শান্ত করেন এবং অনুষ্ঠান শুরু করেন। এরপর বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে আবারও দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বেলা দেড়টার দিকে তৃতীয় দফায় সংঘর্ষ হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল্লাহ মুনসুর ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান টিটু দুপক্ষের নেতৃত্বে রয়েছেন।
দুপক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন- এনামুল হক আকাশ, মো. কামরুজ্জামান, রাজিব বিল্লাহ, মো. আজিজ, শেষার্দী, জয়, ফাহমিদা খাতুন, সাফায়েত, সনথ কুমার, নাঈম, প্রমোদ মণ্ডল ও জয়। আহত ফয়সাল তাজ ও আব্দুল আজিজকে বিকালে ঢাকায় পাঠানো হয়েছে।
কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল্লাহ মুনসুর জানান, ডাক্তার তারিমের কোচিং বাণিজ্য ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র শনিবার সকালে সংঘর্ষ হয়। তিনি বলেন, এর আগে ৯ মার্চ রাত ১১টার দিকে তারিম শতাধিক লোকের এক বাহিনী নিয়ে ছাত্রলীগের নেতাদের ওপর হামলা চালায়। সে ঘটনার পর নেতারা বৈঠক করে পরিস্থিতি শান্ত করেন। শনিবার সকালে ডা. তারিমের লোকজনই ছাত্রলীগের ওপর হামলা চালায়। তিনি বলেন, ক্যাম্পাসে তারিমের লোকজন ছাত্রলীগ সেজে অবস্থান করছে এবং নির্দেশনা পেলে হামলা চালাচ্ছে।
আরও পড়ুন:
গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত (ভিডিও)
নারায়ণগঞ্জে একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের অভিযান
/এফএস/