খুলনায় পশুর হাট থেকে রাজস্ব আয় বাড়লেও কমছে পশু বিক্রি

খুলনা সিটি করপোরেশন-কেসিসিখুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মহানগরীর জোড়াগেট পশুরহাটে রাজস্ব আদায়ের পরিমাণ প্রতি বছরই বাড়ছে। গত বছরের তুলনায় এ বছর রাজস্ব বেড়েছে ২০ লাখ টাকা। এ বছর রাজস্ব আয় ধরা হয়েছে, প্রায় ২ কোটি টাকা, যা এ হাট পরিচালনার পর থেকে ৭ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

কেসিসির বাজার কর্মকর্তা গাজী সালাহ উদ্দিন জানান, এ বছর জোড়াগেট পশুর হাট থেকে রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকা, যা ৯,২৪৪টি পশু বিক্রি থেকে এসেছে। এর মধ্যে ছিল ৭,৬২৭টি গরু, ১,৬১২টি ছাগল ও ৫টি ভেড়া। গত বছরের তুলনায় এ বছর ২০ লাখ ২৭ হাজার টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। এ বছর ৫ সেপ্টেম্বর বিকেল থেকে ১৩ সেপ্টেম্বর ভোর পর্যন্ত এ হাটে পশু বিক্রি কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, ‘গত বছরের চেয়ে এবার ৮০টি পশু বিক্রি কমেছে। এ বছর গত বছরের চেয়ে গরু বিক্রি কম হলেও ছাগল বিক্রি বেড়েছে। গত বছর বিক্রি হওয়া ৯,৩২৪টি পশুর মধ্যে গরু ছিল ৭,৯০৮টি এবং ছাগল বিক্রি ছিল ১৪১৬টি, যা থেকে রাজস্ব আয় ছিল ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার টাকা।

কেসিসি সূত্র জানায়, ২০১৪ সালে বিক্রি হওয়া ১০,১৫৫টি পশুর মধ্যে ছিল ৮,৪০৮টি গরু, ১,৭৪২টি ছাগল ও ৫টি ভেড়া। রাজস্ব আয় ছিল ১ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকা। ২০১৩ সালে বিক্রি হওয়া ৮,৮৯১টি পশু থেকে রাজস্ব আয় ছিল ১ কোটি ২৬ লাখ ৬ হাজার টাকা। ২০১২ সালে ৭,৬২৯টি পশু বিক্রি থেকে রাজস্ব আয় ছিল ১ কোটি ৬ লাখ ৩২ হাজার টাকা। ২০১১ সালে ৮,৩৯৬টি পশু থেকে রাজস্ব আয় ছিল ১ কোটি ৬ লাখ ৫৮ হাজার টাকা। ২০১০ সালে ৮ হাজারের বেশি পশু বিক্রি থেকে রাজস্ব আয় ছিল ৯১ লাখ ৭৬ হাজার টাকা।
/এবি/

শোলাকিয়ায় মুসল্লি ও নিরাপত্তাকর্মী সমান-সমান