জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না: হানিফ

মাহবুব উল আলম হানিফজিয়াউর রহমান কোনও যুদ্ধ করেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি আওয়ামী লীগ নেতাদের নির্দেশে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন,  ‘৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানের আচরণে পাকিস্তানি চরবৃত্তির প্রমাণ মেলে। ক্ষমতা দখলের পর জিয়াউর রহমান রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী ও আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়েছিলেন।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ও জামায়াত পাকিস্তানের আদর্শে চলে। তারা পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়নের জন্য এখনও কাজ করে যাচ্ছে। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তানের বিবৃতি প্রমাণ করে, যারা জামায়াত করে তারা এখনও পাকিস্তানের সৈনিক। পাকিস্তানের সৈনিকদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইচ চ্যান্সেলর প্রফেসর ড. হারুন উর রশীদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ অন্যরা।  

/এমএনএইচ/