কুষ্টিয়ায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

কুষ্টিয়াকুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আকাম উদ্দিন (৬০)। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

আকাম উদ্দিনের ভাতিজা ছমির উদ্দিন জানান, ২৪ সেপ্টেম্বর সংঘর্ষের পর তার চাচা আকাম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আজ  সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আমরা শুনেছি তিনি মারা গেছেন। এ নিয়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টা থেকে দফায় দফায় কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে বর্তমান চেয়ারম্যানের সমর্থক কেরামত আলী ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইমান আলী (৩৫) ও শাহাবুদ্দিন (৪২) মারা যান। সংঘর্ষ চলাকালে প্রায় ২৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয় বলে অভিযোগ পাওয়া যায়। সংঘর্ষের ঘটনার পরদিন রবিবার বিকেলে নিহত ইমান আলীর চাচাতো ভাই কামরুল হাসান বাদী হয়ে ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

/এমডিপি/